বান্দরবানের তমব্রু সীমান্তের বিজিবি ক্যাম্পে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর এখনও পর্যন্ত ৫৮ জন সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। তারা নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মধ্যে পালিয়ে এসেছেন।
বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবি'র সদর দপ্তরের কর্মকর্তা শরীফুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, রবিবার রাত পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ৫৮জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
তাদের অস্ত্র ও গুলি বিজিবির কাছে জমা রাখা আছে। রবিবার সন্ধ্যার পর থেকে বান্দরবানের ঘুমধুম সীমান্তে গোলাগুলির পরিমাণ কিছুটা কমেছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
ঘুমধুম সীমান্তে বিজিবি ৩৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক আব্দুল্লাহ আল আশরোকি বিবিসি বাংলাকে বলেন, “সীমান্ত পাড়ি দিয়ে যারা আসছে তারা মূলত মিয়ানমারের সিকিউরিটি ফোর্সের সদস্য। তাদেরকে আমরা কর্ডন করেছি।"
তাদেরকে ডিসআর্ম করেছি। অস্ত্র আলাদা করেছি এবং তাদেরকে আমরা নিরাপদ স্থানে রেখেছি।"
তাদের বিরুদ্ধে আর্ন্তজাতিক প্রচলিত বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান মি. চৌধুরী।
রবিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমকে বলেন, "তাদেরকে ফেরত পাঠিয়ে দিবো আমরা। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমারের সাথে যোগাযোগ করা হচ্ছে।"
গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশ ও ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় যুদ্ধ জোরালো করেছে আরাকান আর্মিসহ কয়েকটি গোষ্ঠী। তারা সম্মিলিতভাবে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এর মধ্যেই কোনও কোনও সীমান্ত শহর দখল করে নিয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বিবিসি বাংলাকে বলেন, “এরই মধ্যে আজ তুমব্রুতে একজন আহত হয়েছেন। সেখানে পাঁচটি প্রাথমিক স্কুল ও একটি মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে।”

0 Comments