বেশ কয়েক বছর ধরে আলোচনার পরে অবশেষে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতের কাছে ৩১টি এমকিউ- নাইন বি ড্রোন বিক্রির চুক্তিতে অনুমোদন দিয়েছে। ওই ড্রোন এশিয়ায় ভারতের প্রতিবেশী আর কোনও দেশের কাছে আপাতত নেই।
চীনকে চাপে ফেলতেই আমেরিকা ভারতের কাছে এই সামরিক ড্রোন বিক্রিতে অনুমোদন দিল বলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন।
এখন গোয়েন্দা নজরদারী চালানোর জন্য এমকিউ-নাইন বি ড্রোন ভাড়া করে ব্যবহার করছে ভারত।
জেনারেল অ্যাটমিক্স এরোনটিকাল সিস্টেমস্ সংস্থাটি এই ড্রোন সরবরাহ করবে।
পেন্টাগন বলছে, এই চুক্তিটি অনুযায়ী ড্রোন ছাড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামও ভারতের কাছে বিক্রি করা হবে।
সংবাদ সংস্থা রয়টার্সের খবর, প্রায় চার শো কোটি ডলার মূল্যের চুক্তি এটি।
ভারত ২০১৮ সালে প্রথম সামরিক ব্যবহারের জন্য এ ধরনের ড্রোন আনার কথা বলেছিল।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমতি পাওয়ার পরেই যে চুক্তি চূড়ান্ত হয়ে গেল, তা নয়।
কিন্তু তাদের অনুমোদন চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে একটা বড় বাধা দূর হল বলে মনে করা হচ্ছে।
আমেরিকায় শিখ বিচ্ছিন্নতাবাদী গুরপতওয়ন্ত সিং পান্নুর কথিত হত্যা ষড়যন্ত্রের বিষয়টি গত বছর সামনে আসার পরে এই সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তিটি বাধার সম্মুখীন হয়।

0 Comments